ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন বুধবারও সংঘাতের রূপ নিয়েছে। সকালে মহানগরীর বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের একাংশ ইটপাটকেল ছুড়তে শুরু করেন। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
এরপর বিক্ষোভকারীরা বাসন থানার দিকে গিয়ে সেখানে হামলার চেষ্টা করেন বলে জানা গেছে। থানার ভেতরে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে প্রবেশের চেষ্টা হলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে পরে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে জেলার অন্যান্য স্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ীতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।