সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপের দই, ঘোল, মাঠা ও ঘি তৈরিতে অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নকল শিশুখাদ্য বিক্রির দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সলপ রেলওয়ে স্টেশন এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের অনিয়ম পাওয়া যায়।
এ ঘটনায় সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দইঘরের মালিক আবদুল মালেক খানকে ৫০ হাজার, সলপ দইঘরের মালিক আবদুল খালেক খানকে ৫০ হাজার, সলপ মাঠা-ঘোল-দইঘরের মালিক আবদুর রাজ্জাককে ১০ হাজার এবং সলপ কাশেম ঘোল মাঠা দই অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে উল্লাপাড়া বাজারে পৃথক অভিযানে নকল শিশুখাদ্য বিক্রির দায়ে শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার এবং শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শত বছরের ঐতিহ্যবাহী সলপের ঘোলের স্বাদ নিতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। এখানকার ঘোল ও মাঠা দেশের বিভিন্ন জেলায়ও সরবরাহ করা হয়।




