মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতির ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন কালাম হোসেন (৬০) ও তার স্ত্রী রোকসানা খাতুন (৫৫)। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মকলেছুর রহমান ও তার চাচা কালাম হোসেন দীর্ঘদিন ধরে শরিকানা জমিতে বসবাস করে আসছেন। ওই জমির ১৬ শতক নিয়ে প্রতিবেশী সিদ্দিকুর রহমানের সঙ্গে তাদের বিরোধ শুরু হয়। বিষয়টি নিয়ে প্রায় ১৫ বছর ধরে আদালতে মামলা চলছিল। সংশ্লিষ্ট জমির মামলায় মকলেছুর রহমানের পক্ষে রায় আসে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, মামলা চলাকালে প্রায় চার বছর আগে সিদ্দিকুর রহমান বিরোধপূর্ণ জমিটি একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে মজিদুল ইসলামের কাছে বিক্রি করেন। এ নিয়ে বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মজিদুল ইসলামসহ তার পক্ষের মহিরুল ইসলাম, আলামিন হোসেন ও রুহুল আমীন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
আহত পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা কালাম হোসেন ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করেন। এ ঘটনায় তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও কালাম হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। তাদের অভিযোগ, আগের ঘটনায় রাতের আঁধারে বাড়িতে ঢুকে দম্পতিকে আহত করা হয় এবং ঘরের টিনের চালা ভেঙে গর্তে ফেলে দেওয়া হয়েছিল।
মকলেছুর রহমানের অভিযোগ, স্থানীয় একটি মহলের ইন্ধনে প্রতিপক্ষরা তাদের পরিবারের ওপর নতুন করে হামলা চালিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।