যশোর ও নড়াইলের ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নেমেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শারদীয় দুর্গোৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলার পাশাপাশি চেকপোস্ট, গোয়েন্দা তৎপরতা ও ২৪ ঘণ্টার টহল চালু রাখা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে যশোর শহরের বেজপাড়া আশ্রম রোডে রামকৃষ্ণ আশ্রম পূজামণ্ডপে সংবাদ সম্মেলনে এসআরবির কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাঈম উল হক এ তথ্য জানান।
তিনি বলেন, দুই জেলায় এবার মোট ১ হাজার ২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে যশোরে ৭৪৬টি এবং নড়াইলে ৫৩২টি মণ্ডপ রয়েছে। পূজারীদের চলাচল নিরাপদ রাখা এবং উৎসবকে শান্তিপূর্ণ করতে এসআরবির সদস্যরা বিশেষ নজরদারি চালাচ্ছেন।
নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। মণ্ডপের আশপাশে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাদাপোশাকে বিশেষ দল কাজ করছে। এসআরবির টহল দল একটানা ২৪ ঘণ্টা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আলাদা মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাঈম উল হক জানান, পূজার নিরাপত্তা নিশ্চিতে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ এবং আনসার-ভিডিপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী পৃথকভাবেও নজরদারি চালানো হচ্ছে।
সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই নিরাপত্তা কার্যক্রম সাজানো হয়েছে বলে জানান তিনি।