শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। জেলার সব মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী।
তিনি বলেন, গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসবের শেষ দিন ২১ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম জোরদার থাকবে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাদাপোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো দুষ্কর্ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা সংবাদ ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে এসআরবি-১৩-এর সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। যাচাই না করে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান কোম্পানি কমান্ডার। পাশাপাশি নাশকতার চেষ্টা বা সম্প্রীতি বিনষ্টের কোনো তথ্য পাওয়া গেলে তা এসআরবিকে জানানোর অনুরোধ করেন তিনি।




