প্রিপেইড মিটার বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ চার দফা দাবিতে উত্তপ্ত হচ্ছে রংপুরের পরিস্থিতি। দাবিগুলোর পক্ষে জনসমর্থন গড়ে তুলতে আগামী ৩০ নভেম্বর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিদ্যুৎ গ্রাহকদের অধিকার নিশ্চিত এবং বিদ্যুৎ খাতের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রংপুরে আন্দোলন জোরদারের উদ্যোগ নিয়েছেন নাগরিক ও গ্রাহক অধিকারকর্মীরা। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর নিউ ক্রস রোডের সুমি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক আ.ফ.ম. রাজিবুল ইসলাম ইভান।
এ ছাড়া বক্তব্য দেন আমিন উদ্দিন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আলহাজ্ব আবু জাফর লিটন, কনক রহমান, বীথি দাস নন্দিনী, তৌহিদুল ইসলাম তুষার ও নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সদস্য সাজিম আহমেদসহ অন্যরা। সভা পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য সবুজ রায়।
সভায় বক্তারা চার দফা দাবি তুলে ধরে বলেন, বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ খাত বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ এবং এ খাতে সংঘটিত দুর্নীতির বিস্তারিত তথ্য প্রকাশ করে শ্বেতপত্র প্রণয়ন।
বক্তারা জানান, এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে সর্বস্তরের নাগরিক, বিদ্যুৎ গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি তাঁরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।