বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ আটক পুলিশের এএসআই দেলোয়ার হোসেনের থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি বিমানবন্দর থানা থেকে কৌশলে সরে যান বলে থানা সূত্রে জানা গেছে।
দেলোয়ার হোসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত। তাঁর বাড়ি খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকায়। তবে এএসআইয়ের পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম। তাঁর ভাষ্য, দেলোয়ার পালাননি; হয়তো লোকলজ্জা কিংবা ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করা হয়।
অন্য আটক ব্যক্তিরা হলেন ফাতেমা আক্তার নুরজাত (২৬), মিরাজুল ইসলাম (৩৪) ও নাহিদ হাসান (৩০)। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম। অভিযানের পর দেলোয়ারকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে কীভাবে তিনি থানা থেকে বেরিয়ে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।