ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫১২ জন। এ সময়ে মারা গেছেন ২৯ জন।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হারিছা বেগম (৬৫), নান্দাইল উপজেলার মিনহাজ (১৮) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মরিয়ম (৪৫)।
হাসপাতালের তথ্য অনুযায়ী, হারিছা বেগম ৭ অক্টোবর দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ভর্তি হন। পরদিন ৮ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডায়াবেটিসজনিত কিটোঅ্যাসিডোসিসের সঙ্গে ডেঙ্গুজনিত রক্তক্ষরণজনিত শকের কথা উল্লেখ করা হয়েছে।
নান্দাইলের মিনহাজ ৭ অক্টোবর বিকেল ৩টা ৫০ মিনিটে ভর্তি হওয়ার পর ৮ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে মারা যান। তাঁর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে জটিল ডেঙ্গু, রক্তক্ষরণ এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুতর জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, টাঙ্গাইলের ধনবাড়ীর মরিয়ম ৭ অক্টোবর দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে হাসপাতালে ভর্তি হন। পরদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু জ্বরের সঙ্গে মস্তিষ্কে রক্তপ্রবাহে বাধাজনিত স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন জানান, বর্তমানে হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। রোগীদের চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।