পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। একই সঙ্গে সাম্প্রদায়িক বিভেদ তৈরির যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও সহযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি। কিছু উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশি মহল পাহাড়ে বিভেদ ও সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সম্প্রীতি নষ্ট করতে পারবে না।
তিনি আরও বলেন, গত নির্বাচনে পাহাড়ি জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশের সমর্থন তার প্রতি যে আস্থার প্রকাশ ঘটিয়েছে, তা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী করতে হবে। নিজ নিজ কর্মস্থল ও সামাজিক পরিসরে ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেওয়ার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার কিংবা বিএনপির ব্যক্তিগত বিরোধ নেই উল্লেখ করে সাচিং প্রু জেরী বলেন, রাষ্ট্রের সঙ্গে তাদের বিভিন্ন দাবি-দাওয়া থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি ২০০৪ সালের ৬ আগস্ট মহালছড়ির মুবাছড়িতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার অবস্থানের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, ওই এলাকায় তিনি প্রায় তিন মাস অবস্থান করেছিলেন এবং বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছিল।
পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রী বলেন, গভীর রাতে পরিচয়হীন কিছু মোটরসাইকেল আরোহীর বেপরোয়া চলাচল থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো দুর্ঘটনা কিংবা জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই রাতের নিরাপত্তা ও চলাচলের বিষয়ে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়কর মওকুফের উদ্যোগ পাহাড়ের মানুষের প্রতি সরকারের আন্তরিকতার প্রকাশ।
পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিসত্তাকে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড গঠন এবং যৌথ খামার প্রতিষ্ঠার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছিলেন তিনি।
সভায় খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।
এ ছাড়া খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউনুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।




