লালমনিরহাটের পাটগ্রামে তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিঙ্গিমারী নদীর চরাঞ্চলে পুরোদমে চলছে শীতকালীন ফসলের আবাদ। নদীর বুকে জেগে ওঠা উর্বর জমিতে ভুট্টা, গম, আলু, রসুন, ধান ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফসল ফলাচ্ছেন কৃষকরা। তবে সার, বীজ, কীটনাশক, সেচের ডিজেল ও জমি চাষের খরচ বেড়ে যাওয়ায় এবার উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে না পারলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন হবে বলে আশঙ্কা করছেন প্রান্তিক চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পাটগ্রামের আটটি ইউনিয়ন ও পৌরসভার নদী অববাহিকায় প্রায় ৪৮০ হেক্টর চরাঞ্চল রয়েছে। এর মধ্যে অন্তত ২০টি চরের ৪৬০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। সবচেয়ে বেশি ৩৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এ ছাড়া ৭০ হেক্টরে তরমুজ, ২০ হেক্টরে গম, ২০ হেক্টরে মিষ্টিকুমড়া, ৮ হেক্টরে শাকসবজি, ৩ হেক্টরে চিনাবাদাম, ২ দশমিক ৫ হেক্টরে আলু, দেড় হেক্টরে রসুন এবং এক হেক্টরে মরিচের আবাদ রয়েছে। এসব জমি থেকে প্রায় ৮ হাজার ৬ মেট্রিক টন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।
সরেজমিনে তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিঙ্গিমারী নদীর চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ফসলের মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। বিশেষ করে দহগ্রামের তিস্তা নদীর চরে ভুট্টার আবাদ বেশি। কেউ জমিতে সার ছিটাচ্ছেন, কেউ শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন। আবার কেউ আগাছা পরিষ্কার ও নিড়ানির কাজে ব্যস্ত। এসব কাজে যুক্ত রয়েছেন কয়েকশ শ্রমজীবী মানুষ।
কিন্তু মাঠে ফসলের পরিচর্যা চললেও কৃষি উপকরণ কিনতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে কোনো কোনো ডিলার ও খুচরা বিক্রেতা বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে সার বিক্রি করছেন। কোথাও কোথাও কৃত্রিম সংকটের অভিযোগও রয়েছে। উন্নত জাতের ভুট্টা ও গমের বীজের দামও আগের তুলনায় বেড়েছে।
চরাঞ্চলের জমিতে চাষাবাদের জন্য তুলনামূলক বেশি সার ও সেচের প্রয়োজন হয়। এর সঙ্গে যোগ হয়েছে ডিজেলের বাড়তি দাম এবং দুর্গম এলাকায় সার-বীজ পরিবহনের অতিরিক্ত ব্যয়। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় পুঁজি জোগাড় করতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক কৃষকরা। তাদের আশঙ্কা, উৎপাদিত ফসল বিক্রির সময় বাজারে ন্যায্য দাম না মিললে লোকসান গুনতে হবে।
দহগ্রামের কৃষক তাইজুল ইসলাম (৪৫) বলেন, ‘এবার চাষাবাদে তেল, সার ও বীজের দাম বেশি। বাজারে ফসলের সঠিক দাম না পেলে আমাদের খরচই উঠবে না।
একই এলাকার কৃষক ছকিম আলী (৫৫) বলেন, ‘তিস্তা চরে ভুট্টা আবাদ করছি। সার বেশি দামে কিনতে হচ্ছে, তাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা কৃষক লোক সময়মতো সার না পেলে আবাদ হবে না, মাঠে মারা যাব আমরা।’
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম বসুনিয়া বলেন, সরকারিভাবে বরাদ্দ পাওয়া ভর্তুকির সার নির্ধারিত মূল্যেই কৃষকদের দেওয়া হচ্ছে। তবে অনেক কৃষক প্রযুক্তিগত জ্ঞানের অভাবে জমিতে প্রয়োজনের তুলনায় বেশি সার ব্যবহার করেন। এতে উৎপাদন খরচ বেড়ে যায়। পরিমিত সার ব্যবহার করলে এ ব্যয় কমানো সম্ভব। অবশ্য কিছু এলাকায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়ার কথাও স্বীকার করেন তিনি।
কৃষি উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয়ও বাড়ে এবং অনেক ক্ষেত্রে কৃষক ফসলের ন্যায্য মূল্য পান না বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। তবে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় বলে জানান তিনি।