দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু হয়েছে চট্টগ্রাম নগরীতে। নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ বাড়াতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে বিমানবন্দর সড়কে এ ট্র্যাক নির্মাণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর সড়কের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে সাইকেল ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, সুস্থ থাকারও কার্যকর উপায়। বিশ্বের অনেক দেশে মানুষ সাইকেলে কর্মস্থলে যাতায়াত করেন। সাইক্লিং পরিবেশবান্ধব এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরাপদে সাইকেল চালানোর জন্য নির্দিষ্ট পথ তৈরি করা সরকারের দায়িত্বের অংশ।
তিনি বলেন, চট্টগ্রামে সাইকেল চালানো ও হাঁটার সুযোগ বাড়াতে মেয়রের উদ্যোগের ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকায় আরও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণ করা প্রয়োজন। নাগরিকদের জন্য হাঁটার জায়গা, সাইকেল চালানোর পথ ও উন্মুক্ত পরিসর তৈরি বিলাসিতা নয়; বরং সুস্থ জীবনযাপনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
মন্ত্রী আরও বলেন, মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব নয়। তাই নগরীর খালের দুই পাড়সহ উপযুক্ত স্থানগুলোতে হাঁটার পথ নির্মাণের উদ্যোগ নিতে হবে। এ ধরনের নাগরিক সুবিধা সম্প্রসারণে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীসহ সরকারি কর্মকর্তা, সাইক্লিস্ট ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।