হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে ১ যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন তিনি।
পুলিশ জানায়, একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য হবিগঞ্জে এসে কাজ শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তানভীর। পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা তানভীর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক।