প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ওই দিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রংপুর জেলা জজ আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। সংগঠনটির চার দফা দাবি হলো—প্রিপেইড মিটার বাতিল, আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা।
সংবাদ সম্মেলনে পলাশ কান্তি নাগ অভিযোগ করেন, গ্রাহকদের আপত্তি সত্ত্বেও নেসকো কর্তৃপক্ষ নগরীর বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে। তার দাবি, এসব মিটারের কারণে আগের ডিজিটাল মিটারের তুলনায় গ্রাহকদের দুই থেকে তিন গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সেবার ব্যয় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে প্রিপেইড মিটার প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচার হয়েছে। বিদ্যুৎ খাতের অনিয়মের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
পলাশ কান্তি নাগ বলেন, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের ন্যায্য দাবিতে আন্দোলন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাড়া দেয়নি। এ পরিস্থিতিতে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুণ, মাহবুব আলম ও সানজিদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।