বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট আয়োজিত এ মহড়া পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং মহড়া সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন। ভবিষ্যতেও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
বিমান বাহিনী প্রধান বলেন, বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। সদস্যদের নিজস্ব সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।
মহড়া পরিদর্শনকালে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




