হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, সেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে যৌথভাবে গবেষণা করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) বিজনেস ইনকিউবেশন সেন্টার এবং প্রযুক্তি ও পেশাগত সেবাদাতা প্রতিষ্ঠান থ্রিলিফ টেকনোলজিস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতার আওতায় তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম, সহায়ক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর সেবা ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করা হবে। পাশাপাশি বিমানবন্দরকেন্দ্রিক নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা এবং তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিজনেস ইনকিউবেশন সেন্টারের ডিরেক্টর-ইন-চার্জ ড. মুস্তাফা হাসান এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।
থ্রিলিফ টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম (রুমেল), পরিচালক (টেকনোলজিস অ্যান্ড সিকিউরিটি) ও বিমানবন্দরের সাবেক পরিচালক মো. শাফায়েত বিন আব্দুল্লাহ এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ও টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সোহেল।
অনুষ্ঠানে বিমানবন্দরের সেবার মান বৃদ্ধি, প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিচালনাগত দক্ষতা এবং অবকাঠামো উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এ অংশীদারত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাগত সক্ষমতার সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানের শিল্পখাতের অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হবে।
যৌথ উদ্যোগটি ভবিষ্যতে জ্ঞান বিনিময়, প্রয়োগভিত্তিক গবেষণা এবং বিমানবন্দরের পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সমাধান খুঁজতে সহায়তা করবে। তবে নির্দিষ্ট প্রকল্প বাস্তবায়ন ও বাণিজ্যিক কার্যক্রম সংশ্লিষ্ট মূল্যায়ন, পারস্পরিক সমঝোতা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করবে।