তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের উদ্যোগে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আরও ছয়টির বেশি দেশ যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।শুক্রবার (৩ সেপ্টেম্বর) তিনি জানান, নতুন দেশগুলোকে জোটে যুক্ত করার ক্ষেত্রে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান—এই তিন দেশের সম্মতি প্রয়োজন হবে।

ইসহাক দার বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির উদ্দেশ্য পুরোপুরি আত্মরক্ষামূলক। গত আগস্টে মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে জোটের সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

এদিকে চুক্তির আওতাধীন প্রতিরক্ষা কমিটির উচ্চপর্যায়ের বৈঠক সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি নিউইয়র্কে ইরানের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন ইসহাক দার। সেখানে ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যকার সংঘাত নিরসনের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয় বলে জানান তিনি।

ইসহাক দারের ভাষ্য, পাকিস্তান মুসলিম দেশ হিসেবে এই প্রতিরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে হুথি ও ইরাকি মিলিশিয়াদের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।