ছুটির দিনে দুপুরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দিল্লির সত্য নিকেতন এলাকা। মুহূর্তের মধ্যেই ধসে পড়ে ‘হোস্টেল ডেজ’ নামে ছয়তলা একটি ছেলেদের পিজি ভবন। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী।রোববার (৬ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবন ধসের পেছনে অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।দুপুরের সময় হওয়ায় ভবনের অধিকাংশ শিক্ষার্থী তখন নিজেদের কক্ষে অবস্থান করছিলেন। ভবনটিতে প্রায় ১৫টি কক্ষ ছিল এবং সেখানে আনুমানিক ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী থাকতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে ভবনের বড় একটি অংশ বিকট শব্দে ভেঙে পড়ে। ধসের ধাক্কায় পাশের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে ধুলা ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমে পড়েন। হাতের কাছে থাকা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে তারা ইট-পাথরের নিচে আটকে পড়া শিক্ষার্থীদের বের করার চেষ্টা করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন। তাদের সঙ্গে যোগ দেয় এনডিআরএফসহ বিভিন্ন উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় যাদের বের করা হয়, তাদের দ্রুত এআইআইএমএস ট্রমা সেন্টার ও সফদরজং হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। পরে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।