বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে জরুরি মজুত থেকে চার মাসে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ জোট। এ বিষয়ে সদস্য দেশগুলোর নেতারা একমত হয়েছেন।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে দ্রুত এই জ্বালানি সরবরাহ শুরু করা হবে। প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

জি-৭ নেতারা একই সঙ্গে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি ও জ্বালানি পণ্যের রপ্তানিতে নতুন কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাজারে অস্থিরতা বাড়াতে পারে—এমন রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকেও।

জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নেতারা বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন দেখা দিলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ম্যাক্রোঁ জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠক করেন। এতে ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে উৎপাদিত ডিজেল রপ্তানি বন্ধের সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। কারণ ইউরোপীয় দেশগুলো জীবাশ্ম জ্বালানির আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।