যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ইরান ‘উত্তেজিত বা ভীত নয়’; বরং সামরিক সংঘাত ও কূটনৈতিক আলোচনার জন্য একই সঙ্গে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ।
রোববার (৪ অক্টোবর) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ইরান পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। একই সঙ্গে নিজেদের অধিকার আদায় ও অবস্থান শক্তিশালী করতে কূটনীতির পথও খোলা রাখবে তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আনাদোলু জানায়, গালিবফ বলেন, সামরিক ময়দানে ইরান পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে নতুন পদক্ষেপ নেওয়ার সক্ষমতাও রয়েছে।
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে না। জুনে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম’-এর ভিত্তিতে এসব শর্ত দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক শর্ত পাঠিয়েছিল তেহরান। শর্তগুলোর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে সংঘাত বন্ধ, আটকে থাকা ইরানি অর্থ অবমুক্ত করা এবং দেশটির বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ প্রত্যাহার।
গালিবফের বক্তব্যে সামরিক প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত মিললেও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু