বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দ্বাদশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামের আয়োজনে দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা সই হয়।

বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানোর বিষয় রয়েছে।
এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ টিন ও লুইন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, বৌদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক যোগাযোগ নিয়ে আলোচনা হয়।

ফোরামের অংশ হিসেবে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রীর। সেখানে বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বাংলা নববর্ষ, লোকজ উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং বাংলা সংগীতের বিভিন্ন ধারার কথা তুলে ধরবেন তিনি।
২৫ সেপ্টেম্বর ফোরামের একটি বিষয়ভিত্তিক অধিবেশনে ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক সেশনে বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের লোকশিল্প ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে।

ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ফোরামের কার্যক্রম চলবে। সফর শেষে ২৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।