প্রশান্ত মহাসাগরের তলদেশের ক্লারিওন-ক্লিপারটন ফ্র্যাকচার জোনে ১১ হাজার ৭৪২টি স্বতন্ত্র ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর প্রায় ৯৯ শতাংশই বিজ্ঞানের কাছে নতুন বলে এক গবেষণায় উঠে এসেছে।
‘নেচার কমিউনিকেশন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় ২০২৩ ও ২০২৪ সালে গভীর সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করা পলিমাটির নমুনা বিশ্লেষণ করা হয়। ডিএনএ ও আরএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ভাইরাসগুলো শনাক্ত করেন গবেষকেরা।
গবেষকদের মতে, শনাক্ত ভাইরাসগুলোর বড় অংশ ব্যাকটেরিয়া ও আর্কিয়ার মতো অণুজীবকে সংক্রমিত করতে পারে। এসব অণুজীব সমুদ্রতলের বাস্তুতন্ত্রে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ও বিভিন্ন ধাতুর চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণায় আরও দেখা গেছে, ভাইরাসগুলো তাদের পোষক অণুজীবের বিপাকক্রিয়া এবং পরিবেশগত চাপের সঙ্গে খাপ খাওয়ানোর প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে।
ক্লারিওন-ক্লিপারটন ফ্র্যাকচার জোন পলিম্যাটালিক নোডিউলের জন্য গুরুত্বপূর্ণ একটি গভীর সমুদ্রাঞ্চল। এসব নোডিউলে থাকা ধাতু বাণিজ্যিকভাবে উত্তোলনের আগ্রহ তৈরি করেছে। তবে বিজ্ঞানীদের আশঙ্কা, খনিজ উত্তোলনে এই সংবেদনশীল বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
গবেষকেরা তাই গভীর সমুদ্রের জীববৈচিত্র্য ও অণুজীবীয় বাস্তুতন্ত্রের ওপর খনিজ উত্তোলনের সম্ভাব্য প্রভাব নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।