সৌদি আরবে কর্মরত বা যাওয়ার প্রক্রিয়ায় থাকা অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নেওয়ার নিয়ম সহজ করেছে দেশটির সরকার। নতুন ব্যবস্থায় কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার আবেদন করা যাবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নিয়মের বিষয়টি জানিয়েছে। খবর গালফ নিউজের।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী এবং ২৫ বছরের কম বয়সী ছেলে-মেয়েকে সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন কর্মীর ওয়ার্ক ভিসা প্রক্রিয়া চলার সময়ই করা যাবে। অর্থাৎ কর্মীর নিজস্ব কাজের ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য পরিবারকে নিয়ে আবেদন করার ক্ষেত্রে আলাদাভাবে অপেক্ষা করতে হবে না।

তবে পরিবারের সদস্যদের ভিসা পাওয়ার জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য হলো দক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদিতে বসবাসের প্রক্রিয়া আরও সহজ করা।

সৌদিতে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের রেসিডেন্স পারমিটসহ অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সম্পন্ন করা হবে।