আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মোট ২৬টি জাহাজ চলাচল করেছে। শিপিং ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১২টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে এবং ১৪টি সেখান থেকে বেরিয়ে গেছে।শুক্রবারের জাহাজ চলাচলের তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগের দিন বুধবার এই জলপথ ব্যবহার করেছিল ২৭টি পণ্যবাহী জাহাজ। মঙ্গলবার এ সংখ্যা ছিল ২৪টি।

কেপলারের হিসাবে, গত ১০ দিনে বাব আল-মান্দেব দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৬টি জাহাজ চলাচল করেছে। ফলে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছুটা কম হলেও সামগ্রিকভাবে জাহাজ চলাচল স্বাভাবিক গড়ের কাছাকাছি রয়েছে।লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে থাকা বাব আল-মান্দেব এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট। তবে ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কায় অনেক জাহাজ এখন এ পথ এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ নৌপথ ব্যবহার করছে।এ কারণে এই নৌপথে জাহাজ চলাচলের পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তা পরিস্থিতি বোঝার অন্যতম সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।