ব্রিকস সম্মেলনকে ঘিরে ভারত ও চীনের সম্পর্কের দিকে নতুন করে নজর তৈরি হয়েছে। সম্মেলনের ফাঁকে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।প্রায় সাত বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং। সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, তা কাটিয়ে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটেই শির এবারের ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।ব্রিকস সম্মেলনের ফাঁকে শি ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করবেন মোদি।

মোদি-শির সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে। এর আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) ঘিরে সামরিক অচলাবস্থা নিরসনে দুই দেশ সমঝোতায় পৌঁছেছিল। চলতি বছরের আগস্টে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকেও দুই নেতা বৈঠক করেন। বিশকেকে এসসিও সম্মেলনের পারিবারিক ছবির সময়ও তাদের সংক্ষিপ্ত আলাপ করতে দেখা যায়।

২০১৯ সালের অক্টোবরের পর এবারই প্রথম ভারত সফর করছেন শি। সেবার তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। এর ছয় মাসের মধ্যেই লাদাখে চীনা সেনাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে ভারত-চীন সম্পর্ক গত ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়ে।