বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাই নিরাপদে নেমে আসেন।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি থাকা অবস্থায় ক্রুরা বোমার হুমকি পান। পরে পাইলট উড়োজাহাজটি সোফিয়া বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন।
বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটিকে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাহারা দিয়ে বিমানবন্দরে নিয়ে আসে। অবতরণের পর উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রিয়ান এয়ারলাইনস।
ঘটনাটি তদন্তে বুলগেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি সংকট মোকাবিলা দল গঠন করেছে। তবে হুমকির উৎস এবং উড়োজাহাজে কোনো বিস্ফোরক পাওয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।
ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ায় অবতরণ করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্যেও রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পর উড়োজাহাজটির গতিপথ পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে।
এর আগে গত মাসে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সহকারী পাইলটের বিরুদ্ধে মূল পাইলটকে কুড়াল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। ওই উড়োজাহাজটি পরে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ধারাবাহিক এসব ঘটনায় আন্তর্জাতিক আকাশপথে যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগের ঘটনার সঙ্গে সর্বশেষ বোমার হুমকির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল-জাজিরা