ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বুধবার ভোরের এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এডেনের নিরাপত্তা বিভাগের মিডিয়া কার্যালয় জানায়, বিমানবন্দর লক্ষ্য করে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায় কয়েক সপ্তাহ ধরে হুতিদের অগ্রযাত্রাকে কেন্দ্র করে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী হুতিদের অবস্থানে পাল্টা অভিযান চালানোর পর লড়াই আরও তীব্র হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় সরকারি বাহিনী বাব আল-মানদেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে।
এর আগে জোট দাবি করে, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের দিকে নিক্ষেপ করা হয়েছিল বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সৌদি বাহিনী ইয়েমেনের ইব ও তাইজ প্রদেশের মধ্যবর্তী একটি এলাকায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: রয়টার্স