হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগর পর্যন্ত বিস্তৃত একটি নতুন নিষিদ্ধ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করেছে ইরান।বুধবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, চাবাহার উপকূল থেকে ওমান উপসাগরের কিছু অংশ হয়ে আরব সাগর পর্যন্ত নতুন এই অঞ্চল বিস্তৃত হবে।আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজ ওই এলাকায় প্রবেশ করলে সেটি নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট স্থানাঙ্ক পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

এর আগে রোববার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই হরমুজ প্রণালির বাইরে নতুন একটি সীমাবদ্ধ অঞ্চল তৈরির কথা জানিয়েছিলেন। সেখানে অনুমতি ছাড়া প্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করেছে, তখনই নতুন এ ঘোষণা এলো।ইরানের দাবি, বুধবার হরমুজের আশপাশে ১০টি জাহাজে হামলা চালানো হয়েছে। একই সময়ে মার্কিন হামলায় পাঁচটি ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থাও উপসাগর ও ওমান সাগরে কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি ইরাকের জলসীমায় একটি তেলবাহী জাহাজ ড্রোন হামলার পর আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।এখন নজর রয়েছে ইরানের ঘোষিত নতুন নিষিদ্ধ অঞ্চল কতটা বিস্তৃত হবে এবং সেটি বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, তার ওপর।