হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি মানববিহীন ডুবোযান নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘রেমাস ৬০০’ নামের ওই আন্ডারওয়াটার ড্রোনটি নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হচ্ছিল। আইআরজিসি নেভির সদস্যরা বিশেষ একটি অভিযানের মাধ্যমে ড্রোনটির নিয়ন্ত্রণ নেন বলে দাবি করা হয়েছে।

ইরানের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি বর্তমানে তাদের বিশেষজ্ঞদের হেফাজতে রয়েছে। এর ভেতরে থাকা তথ্য ও প্রযুক্তিগত উপাত্ত পরীক্ষা করে দেখার কাজ চলছে।ঘটনার পর হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছে ইরানি বাহিনী। আইআরজিসি নেভি জানিয়েছে, জলপথটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে এবং অনুমোদনহীন বা ঝুঁকিপূর্ণ কোনো ধরনের চলাচল ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।

তবে ইরানের করা মার্কিন ড্রোন আটকের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।