ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ৬৭ জন নারী নেত্রী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একটি আসনের বিপরীতে বিপুলসংখ্যক প্রার্থী আগ্রহী হওয়ায় দল শেষ পর্যন্ত কাকে বেছে নেয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকেরা। তাদের অনেকে অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা ও নির্যাতনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের ভিত্তিতে দলীয় মূল্যায়ন প্রত্যাশা করছেন।
আলোচনায় থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি। এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা এবং বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানমও ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন চেয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক এবং প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খানসহ আরও কয়েকজন নেত্রীও রয়েছেন এ তালিকায়।
মনোনয়নপ্রত্যাশী রুনা লায়লা জানান, শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর মাথায় গুলিবিদ্ধ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ঢাকা মহানগর উত্তরে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে এবার দলীয় মনোনয়ন পাওয়ার আশা করছেন তিনি।
অন্যদিকে হাসনাহেনা হীরা বলেন, তার এলাকা অনেক পিছিয়ে রয়েছে। সংসদে যাওয়ার সুযোগ পেলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে চান তিনি। দলের নেতৃত্ব তাকে মূল্যায়ন করবে বলেও আশা প্রকাশ করেন। দলীয় কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। শনিবার একই সময়ে পূরণ করা ফরম জমা দেওয়ার কথা রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। একই দিন সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
প্রকাশিত তফসিল অনুযায়ী, আসনটিতে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন হওয়ার কথা। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। বিএনপির মনোনীত প্রার্থীই এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।