দেশের সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ সিজন ২’-এ বিজয়ীর মুকুট উঠেছে সুমি রানি ও ফারহানা হোসেন বিথির মাথায়। গ্র্যান্ড ফিনালেতে মিস বিভাগে সুমি রানি এবং মিসেস বিভাগে বিথি সেরা নির্বাচিত হন। একই আয়োজনে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন নওরিন নাওয়ার অরিত্রি। বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগীরা বিভিন্ন ধাপে নিজেদের সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও প্রতিভা তুলে ধরেন। বাছাই ও গ্রুমিং পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মিস বিভাগে রওনক তাসনিম ঐশী প্রথম রানারআপ এবং সাবরিনা নাহার মহিমা দ্বিতীয় রানারআপ হয়েছেন। মিসেস বিভাগে জন্নাতুল ফেরদৌস কেয়া প্রথম রানারআপ ও সায়মা হাসিবা অপূর্ব দ্বিতীয় রানারআপের স্বীকৃতি পেয়েছেন। এদিকে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর উপখেতাব পেয়েছেন আরও তিন প্রতিযোগী। সপ্তর্ষি ক্রুজ হয়েছেন মিস ফায়ার, জেনি জাহান মিস এয়ার এবং রায়হানা আক্তার মিম মিস ওয়াটার।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা ও মডেল অন্তু করিম, এশিয়া জুয়েলার্সের প্রতিষ্ঠাতা তাসনুভা খান এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিল জনি ও গৌতম সাহা।
প্রতিযোগিতার চিফ অ্যাডভাইজার রাজু আলীম অনুষ্ঠানে বক্তব্য দেন। আয়োজনটির নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার। বোর্ড অব ডিরেক্টর হিসেবে ছিলেন ইবনে সাঈদ অঙ্কুর, বারিশা হক ও মাজহার সুমন। আয়োজকেরা মনে করেন, এই প্রতিযোগিতা নারীদের প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করবে।