বাংলা কিউআর ব্যবহারে ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকের হিসাব থেকে টাকা কেটে গেলেও মার্চেন্টের কাছে না পৌঁছালে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে টাকা ফেরত দিতে হবে।

১ ডিসেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে গ্রাহককে আলাদা করে অভিযোগ করার প্রয়োজন হবে না।বাংলা কিউআর লেনদেনে স্বয়ংক্রিয়ভাবে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো বিরোধ দেখা দিলে গ্রাহককে ৪৫ দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে। অভিযোগ পাওয়ার পর ইস্যুয়িং প্রতিষ্ঠানকে দুই কার্যদিবসের মধ্যে তা গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত জানাতে হবে।

পরবর্তী ধাপে প্রয়োজন হলে বিষয়টি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবির কেন্দ্রীয় বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় যাবে। চার্জব্যাকের জবাব দেওয়ার জন্য অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে সাত দিন সময় দেওয়া হবে।

পণ্য না পাওয়া, একই লেনদেনের টাকা দুইবার কেটে যাওয়া, ভুল বিলিং কিংবা গ্রাহকের টাকা কেটে গেলেও বিক্রেতা টাকা না পাওয়ার মতো সমস্যাগুলো চিহ্নিত করতে আট ধরনের চার্জব্যাক রিজন কোড নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া লেনদেনের অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে ‘ট্রানজেকশন স্ট্যাটাস ইনকোয়ারি’ ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরাসরি পেমেন্টের অবস্থা যাচাই করতে পারবে।ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে উৎসাহ দিতে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনকারী ট্রেড লাইসেন্সধারী মার্চেন্টদেরও নগদ প্রণোদনার আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।