তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। নাঈম হাসানের স্পিন ঘূর্ণিতে মাত্র ২৪৫ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা। এতে প্রথম ইনিংসে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে বাংলাদেশ। এই সেশনে মাত্র ৮ ওভারে ৩২ রান খরচায় ওয়েস্ট ইন্ডিজের শেষ চারটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। এর মধ্যে তিনটি উইকেটই শিকার করেন নাঈম হাসান। সব মিলিয়ে প্রথম ইনিংসে তাঁর শিকার চার উইকেট।
সেশনের শুরুতে দ্রুত রান তুলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১৪ বলেই আসে চারটি বাউন্ডারি। তবে অভিষিক্ত জশুয়া বিশপকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন মেহেদী হাসান মিরাজ। এরপর বল হাতে দারুণ ছন্দে ফেরেন নাঈম। এক ওভারেই শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে দেন তিনি। 
পরে শেষ ব্যাটার জেইডেন সিলসকেও আউট করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সমাপ্তি ঘটান। শামার জোসেফকে আউট করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন নাঈম। বলের হিসাবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল অর্ধশতক করেন। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন।