ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটে। ভিনু মানকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে তার ১৭৩ রানের ইনিংসটি দিল্লিকে এনে দিয়েছে লড়াই করার মতো সংগ্রহ। ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৪৩ বল খেলেছেন; মেরেছেন ১৯টি চার ও ৮টি ছক্কা।
বিশাখাপট্টনমে চলমান টুর্নামেন্টের এলিট পর্বে দিল্লির অধিনায়ক আর্যবীর। চণ্ডীগড়ের বিপক্ষে তার দল প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্যবীর। অর্নব বুগ্গার সঙ্গে ৯৮ রানের উদ্বোধনী জুটির পর দলের আরও দুটি কার্যকর জুটিতে অবদান রাখেন তিনি। অভিরাজ সিংয়ের সঙ্গে যোগ করেন ৪৮ রান, আর শান্তনু যাদবের সঙ্গে পঞ্চম উইকেটে আসে ৮৯ রান।
দিল্লির ইনিংসের শেষ ভাগে আর্যবীরের ব্যাটই ছিল মূল ভরসা। ৪৬তম ওভারে শ্রেষ্ঠ দুগ্গলের বলে তার ইনিংস শেষ হয় ১৭৩ রানে। চার ও ছক্কা মিলিয়ে বাউন্ডারি থেকে আসে তার ১২৪ রান। চণ্ডীগড়ের বোলার রূপেশ যাদব পেয়েছেন দুটি উইকেট।
এই ইনিংসের আগে কর্ণাটকের বিপক্ষে ম্যাচটি দিল্লির জন্য ছিল হতাশার। প্রতিপক্ষ ৪১৮ রান করার পর দিল্লির ইনিংস থামে ২২০ রানে। আর্যবীর করেছিলেন ৩২ রান। চণ্ডীগড়ের বিপক্ষে এবার সেই তুলনায় অনেক বড় ইনিংস খেলে নিজের সামর্থ্য তুলে ধরেছেন তিনি।
যুব আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিমধ্যে খেলেছেন আর্যবীর। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০৯ রান করেন। দ্বিতীয় ম্যাচে ৪৭ এবং শেষ ম্যাচে ৩৪ রান ছিল তার সংগ্রহ। পাশাপাশি দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়নসের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। বাবার মতো আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিতি পাওয়ার পথে এগোচ্ছেন এই তরুণ ওপেনার।