আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সোমবার (২৭ অক্টোবর) বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বাড়বে। পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে পাড়া-মহল্লা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম শুরু হয়েছে। প্রতিযোগিতামূলক খেলাধুলা খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।
তিনি জানান, ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সরকার কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগের অংশ হিসেবে খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।




