বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দ্যুতি ছড়ানো আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ইংল্যান্ডের ১০০ বলের প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এ গড়ার অনন্য এক ইতিহাস। টুর্নামেন্টটিতে নিজের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট (ফাইফার) নেওয়ার পাশাপাশি চলতি মৌসুমের প্রথম ফাইফার শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

গত রোববার (২ আগস্ট) লন্ডনের দ্য ওভালে 'এমআই লন্ডন'-এর হয়ে মাঠে নেমে 'ম্যানচেস্টার সুপার জায়ান্টস'-এর বিরুদ্ধে বল হাতে ঝড় তোলেন রশিদ। মাত্র ২০ বল করে ১৭ রানের বিনিময়ে তুলে নেন মূল্যবান ৫টি উইকেট। দ্য হান্ড্রেডের ইতিহাসে অষ্টম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার এই কীর্তি গড়লেন আফগান তারকা।

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটে ১৮৩ রানের পাহাড় গড়ে এমআই লন্ডন, যা চলতি আসরে তাদের সর্বোচ্চ দলীয় রান। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ৩১ বলে ৬২ রান করা উইল জ্যাকস এবং ২৮ বলে ৫৪ রান করা নিকোলাস পুরান। শেষ দিকে স্যাম কারান ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

১৮৪ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যানচেস্টার শুরুর দিকে বেশ উড়ন্ত সূচনা করে। প্রথম ৩০ বলেই তোলে ৫৯ রান এবং এইডেন মার্করাম ২৬ বলে দ্রতগতির অর্ধশতক হাঁকিয়ে ম্যাচটি হাতের মুঠোয় নেওয়ার ইঙ্গিত দেন। তবে এর পরই বল হাতে তাণ্ডব শুরু করেন রশিদ খান। টিম সিফার্টকে বোল্ড করে উইকেটের খাতা খোলার পর তিনি পর পর জস বাটলার, হেনরি ক্লাসেন, টম মুরস ও লিয়াম ডসনকে সাজঘরে ফেরান।

রশিদের বিধ্বংসী লেগ স্পিনের জালে জড়িয়ে মাত্র ৩৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ফেলে ম্যানচেস্টার। শেষ পর্যন্ত ৯৫ বলে ১৩৮ রানে তাদের ইনিংস গুটিয়ে গেলে ৪৫ রানের বড় জয় নিশ্চিত করে এমআই লন্ডন। অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ম্যাচসেরার পুরস্কার জেতেন রশিদ খান। এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান আরও শক্ত করল এমআই লন্ডন।