প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়ে লিগ ওয়ানে দাপুটে জয় তুলে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলের ৫-১ গোলের এই জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। একাই করেছেন তিন গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।
নিজেদের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি পিএসজির। ১৮ মিনিটে জশ মাজারের গোলে এগিয়ে যায় লে হাভরে। তবে ২৬ মিনিটে হাকিমির তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান মিকা গডটস। এর দুই মিনিট পরই ব্যবধান বাড়ান হাকিমি। তার গোলে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। ৫৫ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন হাকিমি। ৬২ মিনিটে তাঁর পাস থেকে ব্যবধান ৪-১ করেন সনি মায়ুলু। এরপর ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক সম্পন্ন করেন এই মরক্কান তারকা। তাতেই বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় পিএসজির।
এই জয়ের মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা নবমবারের মতো জয়ের দেখা পেল লুইস এনরিকের দল। লিগ ওয়ানেও এটি তাদের ধারাবাহিক ষষ্ঠ জয়। অথচ মৌসুমের প্রথম তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহে ছিল মাত্র এক পয়েন্ট।
নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক লিলে।
দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় উসমান দেম্বেলে ও খিচা কাভারৎস্খেলিয়া চোটের কারণে আগেই ছিটকে গেছেন। লিওঁর বিপক্ষে আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন এনরিকে। এরপরও দলের পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যায়নি। লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ আরেকবার দিয়েছে ফরাসি ক্লাবটি।