এক হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে তার গোলটি নিয়ে বিতর্ক তৈরি হলেও সৌদি প্রো লিগের হিসাবে গোলটি রোনালদোর নামেই যুক্ত হয়েছে। এতে তার অফিশিয়াল ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮২-এ। 
শুক্রবার (২৩ অক্টোবর) ম্যাচের ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি হয়। রোনালদো হেড করার চেষ্টা করলে বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে ঢুকে যায়। গোলের পর রোনালদো তার পরিচিত ‘সিউ’ উদ্‌যাপন করেন। তবে বলটি রোনালদোর মাথায় লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। সৌদি প্রো লিগ গোলটি তার নামে নথিভুক্ত করলেও ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে দেখায়। ফলে গোলদাতার পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।
 সংবাদমাধ্যম ‘আরিয়াদিয়াহ’-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের রিপোর্টে গোলটি রোনালদোর নামে লেখা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই গোলটি তার ক্যারিয়ার পরিসংখ্যানে যুক্ত হয়েছে। প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সৌদি প্রো লিগে গোলদাতা নির্ধারণের ক্ষেত্রে ম্যাচ কর্মকর্তাদের রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপের পরিসংখ্যানকে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় না। 
রেফারির রিপোর্ট নিয়ে আপত্তি উঠলে বিষয়টি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানোর সুযোগ থাকে। তবে এ ক্ষেত্রে গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত থাকায় আলাদা কোনো পর্যালোচনা প্রক্রিয়ার প্রয়োজন হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ গোলের ফলে এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছাতে রোনালদোর এখন প্রয়োজন আর ১৮টি গোল। তার ক্যারিয়ারের এই পর্যায়ে প্রতিটি গোলই তাই আলাদা গুরুত্ব পাচ্ছে।