গেম ডেভেলপমেন্ট ট্রফিতে (জিডি ট্রফি) দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোমাঞ্চকর লড়াইয়ে আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারদের নিয়ে গড়া অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে যুবা টাইগাররা।

রোববার (৩০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনারের জুটিতে আসে ৪০ রান। জারিফ সিয়াম ২৩ বলে ১৯ রান করে ফেরার পর একই ওভারে আউট হন আদ্রিতো।

অন্য প্রান্তে টিকে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি ৪৬ বলে ৪০ রান করেন। এরপর আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রান করে দলের ইনিংস এগিয়ে নেন। মাঝের দিকে রবিউল হাসান অনিকের ব্যাটে গতি পায় রান সংগ্রহ।

ফারহান সাদিক ২৬ বলে ২৯ ও আল রাফি ১৫ বলে ১২ রান করেন। শেষ পর্যন্ত অনিকের ৮২ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে ভর করে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল।

জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল অনূর্ধ্ব-২৩ দল। খালিদ ২৮ বলে ৩৪ এবং জাওয়াদ আবরার ৩০ বলে ২৬ রান করেন। আজিজুল হাকিম তামিম করেন ৪৫ বলে ২৮ রান।

কালাম সিদ্দিকী অলিন ৪৫ বলে ৩২ রান করে ফেরার পর আহরার আমিন পিয়ান ও রিজান হোসাইনের জুটি দলকে জয়ের পথে রাখে। আহরার ২৪ বলে ২৫ রান করেন। রিজান ৭৫ বলে করেন ৪৪ রান।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। নির্ধারিত ইনিংস শেষে ৪ রানে হেরে যায় অনূর্ধ্ব-২৩ দল।অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আবদুর রহিম। তিনি নেন ৪ উইকেট। আল রাফি ও তাফিউল আলম তামিম পান দুটি করে উইকেট।