বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন পর স্বস্তির খবর পেল বসুন্ধরা কিংস। ফিফার নিষেধাজ্ঞার তালিকা থেকে এবার পুরোপুরি মুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষ এই ক্লাবটি। শনিবার ফিফার ওয়েবসাইটে প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় বসুন্ধরা কিংসের নাম আর পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবারও ফিফার ওয়েবসাইটে কিংসের বিরুদ্ধে চারটি নিষেধাজ্ঞা ছিল। একাধিক নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে নানা জটিলতার মুখে ছিল ক্লাবটি। শেষ পর্যন্ত সব নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পথ পরিষ্কার হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, মোট ১২টি নিষেধাজ্ঞা কাটাতে বসুন্ধরা কিংসকে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় করতে হয়েছে। ধাপে ধাপে এসব অর্থ পরিশোধ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে ক্লাবটির কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হলেও এখন সেই পরিস্থিতির অবসান হয়েছে।
বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞামুক্ত হওয়াকে দেশের ফুটবলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ছয়টি শিরোপা জেতা বর্তমান চ্যাম্পিয়ন দলটি না থাকলে ঘরোয়া লিগের প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণ অনেকটাই কমে যেত বলে মনে করছেন ফুটবলসংশ্লিষ্টরা।
নিষেধাজ্ঞার পেছনে বিভিন্ন সময়ে খেলোয়াড় ও কোচদের সঙ্গে আর্থিক ও চুক্তিগত বিরোধের বিষয়টি সামনে এসেছে। আর্জেন্টাইন কোচ, তারিক কাজী, ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ও রবসনের মতো বিদেশি খেলোয়াড়রা বিভিন্ন সময়ে কিংসের হয়ে খেলেছেন। রবসন ক্লাব ছাড়ার পর ফিফায় অভিযোগও করেছিলেন। এবার তিনি কিংসে ফিরতে চাইলেও তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে নতুন মৌসুমের দল গঠনের প্রস্তুতিও শুরু করেছে বসুন্ধরা কিংস। ক্লাবের কোচিং স্টাফ ও কর্মকর্তারা সম্ভাব্য বিদেশি খেলোয়াড়দের তালিকা নিয়ে কাজ করছেন। ১০ জন বিদেশি ফুটবলারের একটি তালিকা ক্লাব কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এর মধ্যে ভুটানের চেনচো ও নেপালের দুই ফুটবলারও রয়েছেন।
দেশীয় খেলোয়াড়দের মধ্যে তপু বর্মন, রাকিব হোসেন, সোহেল রানা, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণসহ কয়েকজনের সঙ্গে দল গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তপু বর্মন ও রাকিব হোসেনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার অনুশীলন শুরু করতে পারে বসুন্ধরা কিংস। পরদিন বুধবার খেলোয়াড় নিবন্ধনের কাজ সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে ক্লাবটির। নিষেধাজ্ঞার জটিলতা কাটিয়ে এবার নতুন উদ্যমে মাঠে ফেরার অপেক্ষায় ছয়বারের চ্যাম্পিয়নরা।
ফিফার সবুজ সংকেত পেল বসুন্ধরা কিংস
বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন পর স্বস্তির খবর পেল বসুন্ধরা কিংস। ফিফার নিষেধাজ্ঞার তালিকা থেকে এবার পুরোপুরি মুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষ এই ক্লাবটি। শনিবার ফিফার ওয়েবসাইটে প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় বসুন্ধরা কিংসের নাম
প্রিয় বাংলাদেশখেলা


