এক ম্যাচ নিষেধাজ্ঞার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত স্বস্তি পাচ্ছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ শৃঙ্খলাবিধির সুবিধা পাওয়ায় আগামী ম্যাচেও দলের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।
বৃহস্পতিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। চলতি মৌসুমে নিয়মিত লিগের হিসাবে এটি ছিল তার পঞ্চম হলুদ কার্ড। প্রচলিত নিয়মে এই সংখ্যায় পৌঁছালে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়ার কথা ছিল তার।
তবে এমএলএসের 'গুড বিহেভিয়ার রুল' মেসির জন্য পরিস্থিতি সহজ করে দিয়েছে। এই নিয়মে নির্দিষ্ট সময় শৃঙ্খলাপূর্ণ আচরণ বজায় রাখতে পারলে খেলোয়াড়দের জমা হওয়া হলুদ কার্ডের সংখ্যা কমে যায়।
বিধান অনুযায়ী, টানা পাঁচ ম্যাচে কোনো ধরনের কার্ড বা শাস্তিমূলক আচরণের শিকার না হলে একজন খেলোয়াড়ের হিসাব থেকে একটি হলুদ কার্ড বাদ পড়ে। নিয়মিত মৌসুমে একজন ফুটবলার সর্বোচ্চ তিনবার এই সুবিধা গ্রহণ করতে পারেন।
চলতি মৌসুমেই দুই দফায় নিয়মটির সুবিধা নিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের মধ্যবর্তী সময়ে পাঁচ ম্যাচ কার্ড না দেখে প্রথমবার একটি কার্ড কমানোর সুযোগ পান। পরবর্তী সময়ে ন্যাশভিল ও আটলান্টা ইউনাইটেডের ম্যাচের মধ্যবর্তী ১০ ম্যাচে কার্ডমুক্ত থাকায় দ্বিতীয়বার একই সুবিধা পান তিনি।
সিনসিনাটির বিপক্ষে ম্যাচে ৪৪ মিনিটে স্যামুয়েল গুইদিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। রেফারি আরমান্দো ভিয়ারিয়ালের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশও করেন তিনি। এর আগে কলোরাডো র্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড।
বিশেষ বিধানের সুবিধা সমন্বয়ের পর মেসির কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনে। ফলে আগামী সোমবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে খেলতে তার কোনো বাধা নেই।
মৌসুমের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে মেসিকে পাওয়াটা ইন্টার মায়ামির জন্য বড় স্বস্তি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৩২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দলটি। একই সংখ্যক ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ন্যাশভিল।




