ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াইয়ে বল হাতে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রতিপক্ষের বিরুদ্ধে কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের ঘরেও প্রবেশ করেছেন এই বাঁহাতি স্পিনার।
শুক্রবার (৩০ অক্টোবর) অকল্যান্ডে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ২৪ রান খরচায় দুটি উইকেট নেন স্যান্টনার। তাঁর শিকার হন অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডি। এই দুই উইকেটই তাঁকে নিয়ে যায় নতুন রেকর্ডের শীর্ষে।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে স্যান্টনারের সংগ্রহ ৩২ উইকেট। তার বোলিং গড় ২৬.০৬। এর মধ্য দিয়ে সতীর্থ ইশ সোধির ৩০ উইকেটের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ভারতীয়দের বিপক্ষে এক ইনিংসে তার সেরা সাফল্য ১১ রানে চার উইকেট।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্যান্টনারের মোট উইকেটসংখ্যা এখন ১৫১। ১৪২ ম্যাচে এই অর্জনের মাধ্যমে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ১৫০ উইকেটের সীমা পেরোলেন তিনি।
কিউইদের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটের তালিকায় অবশ্য এখনো এগিয়ে রয়েছেন ইশ সোধি ও টিম সাউদি। সোধির শিকার ১৬৫ উইকেট, আর সাবেক পেসার সাউদির সংগ্রহ ১৬৪ উইকেট।