বাবা বীরেন্দর শেবাগের মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়েছেন ছেলে আর্যবীর শেবাগ। ভারতের ঘরোয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী এই ওপেনার। তার ইনিংসে ছিল ১৯টি চার ও ৮টি ছক্কা।
আর্যবীরের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে দিল্লি। তার ইনিংসের ১২৪ রান এসেছে বাউন্ডারি থেকে। টুর্নামেন্টের এলিট পর্বে দিল্লির অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি।
ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা দিল্লিকে ভালো শুরু এনে দেন আর্যবীর ও অর্নব বুগ্গা। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৯৮ রান। অর্নব ৪৭ রান করে আউট হওয়ার পরও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আর্যবীর। অভিরাজ সিংয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৮ এবং শান্তনু যাদবের সঙ্গে পঞ্চম উইকেটে ৮৯ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ইনিংসের ৪৬তম ওভারে শ্রেষ্ঠ দুগ্গলের বলে আউট হন আর্যবীর। চণ্ডীগড়ের হয়ে রূপেশ যাদব নেন ২ উইকেট।
এর আগে কর্ণাটকের বিপক্ষে দিল্লির আগের ম্যাচে ৪১৮ রানের জবাবে ২২০ রানেই গুটিয়ে যায় দলটি। সেই ম্যাচে আর্যবীর করেছিলেন ৩২ রান। চণ্ডীগড়ের বিপক্ষে বড় ইনিংস খেলে সেই হতাশা কাটিয়েছেন তিনি।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক হয় আর্যবীরের। তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে তিনি করেন ১০৯ রান। দ্বিতীয় ম্যাচে ৪৭ এবং শেষ ম্যাচে ৩৪ রান করেন এই তরুণ ব্যাটসম্যান। দিল্লি প্রিমিয়ার লিগেও ওয়েস্ট দিল্লি লায়নসের হয়ে খেলেছেন তিনি। বাবার মতো আগ্রাসী ব্যাটিং দিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটে নজর কাড়ছেন শেবাগপুত্র।