অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে স্বর্ণা ১৬ ধাপ এবং শারমিন পাঁচ ধাপ এগিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে রয়েছেন শারমিন। অন্যদিকে ৩২৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭১ বলে ৫৪ রান করেন স্বর্ণা।
একই ম্যাচে শারমিনের ব্যাট থেকে আসে ৯৩ বলে ৫০ রান। তাঁদের এই পারফরম্যান্সই র্যাঙ্কিংয়ে উন্নতিতে ভূমিকা রেখেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন এলিসা পেরি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও ১৪ ধাপ উন্নতি করে ২৫তম অবস্থানে রয়েছেন তিনি। শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা অ্যানাবেল সাদারল্যান্ড ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৩তম হয়েছেন। নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের নন্দনী শর্মা ২৬ ধাপ উন্নতি করে ৪৫তম স্থানে উঠেছেন। ক্রান্তি গৌড় এগিয়েছেন নয় ধাপ, তাঁর অবস্থান ৪৩তম। টি-টোয়েন্টি বোলারদের তালিকার শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চরণী ও দীপ্তি শর্মা। এদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরও র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন ও জর্জিয়া প্লিমার ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।




