২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হবে ১৬ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে।
বুধবার (২১ অক্টোবর) ঘোষিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম, সিলেট ও কাঠমান্ডুর চারটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে চারটি ম্যাচ রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। একই মাঠে বিকেলে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে।
এ ছাড়া কাঠমান্ডুর আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। একই দিনে মাঠে নামবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রও।
টুর্নামেন্টে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে আছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। ‘সি’ গ্রুপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
গ্রুপ পর্ব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতি গ্রুপের তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াইয়ের পর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। সেমিফাইনাল ও ফাইনালের পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেন, এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ দেবে। তার ভাষ্য, বাংলাদেশ ও নেপালকে আয়োজক হিসেবে বেছে নেওয়া ক্রিকেটের ভবিষ্যৎ বিকাশে আইসিসির আস্থা ও বিনিয়োগের প্রতিফলন। দুই দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ২০ বছরের নিচে হওয়ায় যুব ক্রিকেটের বড় আয়োজনের জন্য দেশ দুটি উপযুক্ত।