সৌদি প্রো লিগে আল ফায়সালির বিপক্ষে ৩-১ গোলের জয়ে আল নাসরের হয়ে একটি বিতর্কিত গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোলটি প্রাথমিকভাবে তার নামেই নথিভুক্ত করেছে লিগ কর্তৃপক্ষ। তবে ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে।
শুক্রবার রাতের ম্যাচে ৪৯তম মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেড করার চেষ্টা করেন রোনালদো। বলটি তার মাথায় লেগেছিল কি না, তা স্পষ্ট নয়। পরে আল ফায়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর শরীরে লেগে বলটি দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। গোলের পর রোনালদো নিজের পরিচিত ‘সিউ’ উদযাপন করেন।
লিগ কর্তৃপক্ষের হিসাবে, গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮২তম। সে হিসাবে ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক থেকে ১৮ গোল দূরে তিনি। তবে অপ্টার পর্যালোচনায় গোলটি আত্মঘাতী হিসেবে বিবেচিত হওয়ায় তার ব্যক্তিগত গোলসংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে।
ম্যাচে প্রথমার্ধের চতুর্থ মিনিটে আবদুল্লাহ আল-হামদানের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর রোনালদোর বিতর্কিত গোল ব্যবধান বাড়ায়। ৬৬তম মিনিটে থিও বঙ্গোন্ডা আল ফায়সালির হয়ে একটি গোল শোধ করেন। ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে গোল উদযাপনের ছবি দিয়ে রোনালদো লেখেন, ‘এগিয়ে চলো!’ 
এ নিয়ে রোনালদোর গোলের কৃতিত্ব বিতর্কে পড়া দ্বিতীয় ঘটনা সামনে এসেছে। ২০২২ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ব্রুনো ফার্নান্দেসের ক্রসে হেড করার চেষ্টা করেছিলেন তিনি। পরে প্রযুক্তিগত বিশ্লেষণে বলের সঙ্গে রোনালদোর স্পর্শের প্রমাণ না পাওয়ায় গোলটি ফার্নান্দেসের নামে নথিভুক্ত হয়।
চলতি মৌসুমে লিগে আল নাসরের এটি অষ্টম জয়। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল কাদসিয়ার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি।