বাবা বীরেন্দর শেবাগের ব্যাটিংয়ের আগ্রাসন যেন ফুটে উঠল ছেলে আর্যবীর শেবাগের ব্যাটে। ভিনু মানকড় ট্রফির এলিট পর্বে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রান করেছেন ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। ১৯টি চার ও ৮টি ছক্কায় সাজানো তার ইনিংসটি দিল্লিকে এনে দিয়েছে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রানের সংগ্রহ।
বিশাখাপট্টনমে ৮ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় দিল্লির নেতৃত্ব দিচ্ছেন আর্যবীর। চণ্ডীগড়ের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। অর্নব বুগ্গার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৯৮ রান যোগ করেন। অর্নবের ৪৭ রানের ইনিংস শেষ হওয়ার পরও থামেননি আর্যবীর। অভিরাজ সিংয়ের সঙ্গে ৪৮ এবং শান্তনু যাদবের সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে দিল্লির ইনিংসকে শক্ত ভিত দেন তিনি।
দিল্লির স্কোর যখন ৪ উইকেটে ১৭৯, তখনও উইকেটে ছিলেন আর্যবীর। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে শ্রেষ্ঠ দুগ্গলের বলে বিদায় নিতে হয় তাকে। তার করা ১৭৩ রানের মধ্যে ১২৪ রানই এসেছে চার ও ছক্কা থেকে। চণ্ডীগড়ের বোলারদের মধ্যে রূপেশ যাদব পেয়েছেন ২ উইকেট।
অধিনায়ক হিসেবে আগের ম্যাচে অবশ্য ভালো অভিজ্ঞতা হয়নি আর্যবীরের। কর্ণাটকের বিপক্ষে দিল্লি ৪১৮ রান হজম করে অলআউট হয় ২২০ রানে। ওই ম্যাচে আর্যবীরের ব্যাট থেকে আসে ৩২ রান। পরের ম্যাচেই বড় ইনিংস খেলে ঘুরে দাঁড়ালেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়েও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন এই তরুণ। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১০৯ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৪৭ এবং শেষ ম্যাচে ৩৪ রান ছিল তার সংগ্রহে। এর আগে দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়নসের হয়ে খেলার অভিজ্ঞতাও হয়েছে তার। ধারাবাহিক পারফরম্যান্সে বাবার পরিচয়ের বাইরে নিজের জায়গা গড়ার ইঙ্গিত দিচ্ছেন আর্যবীর।




