জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই আইসিসির নজরে পড়েছেন বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ কর্মকর্তারা। ২৯ বছর বয়সী এই স্পিনার বুধবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। 
ম্যাচে ৮.৩ ওভার বল করে ৪৭ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। বাংলাদেশ ম্যাচটি সাত উইকেটে হেরে যায়। আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিসের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখার জন্য স্বাধীন মূল্যায়নের ব্যবস্থা করা হবে। আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত বিধি অনুসরণ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুইবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে রিপোর্ট করা হয়েছিল আলিসকে। প্রথমবার ২০১৯ সালে, বিপিএলে তাঁর অভিষেক মৌসুমে। এরপর ২০২৫ সালেও একই ধরনের অভিযোগ ওঠে। জাতীয় দলে অভিষেকের পর নতুন করে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় এখন পরীক্ষার ফলের দিকে নজর থাকবে ক্রিকেটসংশ্লিষ্টদের।