ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬০ রানে অলআউট হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। ফাইনালে জায়গা নিশ্চিত করতে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হতো টাইগারদের। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারেনি দলটি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
পরে জিম্বাবুয়েকে আফগানিস্তান হারানোয় বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার একটি সমীকরণ তৈরি হয়। সে অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে অন্তত ৪১ রানের জয় প্রয়োজন ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শুরুতেই কঠিন পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ। ৪২তম ওভারে দলটির ইনিংস থামে ১৬০ রানে। জবাবে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৩৯ রানে দুই উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায়। ইনিংসের তৃতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজকে ৬ রানে বোল্ড করেন তাসকিন আহমেদ।
সপ্তম ওভারে সেদিকউল্লাহ অটলকে ৪ রানে ফিরিয়ে আবারও আশার সঞ্চার করেন তিনি। তবে তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও রহমত শাহর ৫৬ রানের জুটি বাংলাদেশের সেই আশা কমিয়ে দেয়। পরে মুস্তাফিজুর রহমানের বলে ইব্রাহিমের ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। এরপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদী মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। প্রতিবেদন তৈরির সময় পাওয়া তথ্য অনুযায়ী, আফগানিস্তান ২৬ দশমিক ৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছিল। রহমত শাহ ৬৬ বলে হাফসেঞ্চুরি করেন। আফগানিস্তান প্রয়োজনীয় রান পেরিয়ে যাওয়ায় বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়।




