ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ—সিপিএলে আবারও দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছেড়ে গেলে তার জায়গায় গায়ানার হয়ে মাঠে দেখা যেতে পারে মিরাজকে। এ জন্য খুব দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়তে পারেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

তবে মিরাজের সঙ্গে ঠিক কতটি ম্যাচের জন্য চুক্তি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের জন্য কয়েক দিন আগেই দল ঘোষণা করেছে আফগানিস্তান।

সিরিজে অংশ নিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের উদ্দেশে রওনা হতে পারেন মোহাম্মদ নবি। ফলে সিপিএলের গ্রুপ পর্বে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তাকে বেশ কয়েকটি ম্যাচে পাবে না।

নবির অনুপস্থিতিতে দলের ব্যাকআপ হিসেবে মিরাজের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।চলতি সিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তিন ম্যাচেই জয় পেয়েছে দলটি। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চতুর্থ। গ্রুপ পর্বে দলটির এখনো সাতটি ম্যাচ বাকি রয়েছে।
সিপিএলে অবশ্য এবারই প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন না মিরাজ। এর আগে ২০১৭ সালে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই আলোচিত টি-টোয়েন্টি লিগে দল পেয়েছিলেন তিনি।সেবার তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সেই আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার।

এবার তাই দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে মিরাজের সামনে। মোহাম্মদ নবির অনুপস্থিতিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।