ক্যাপশন: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় ফাজিল ও কামিল মাদরাসার নিয়োগ কার্যক্রম স্থগিত হয়েছে।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেটের সিদ্ধান্তের পর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অধীনে পরিচালিত কোনো ফাজিল বা কামিল মাদরাসায় নিয়োগ দেওয়া কিংবা নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না।
সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট মাদরাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি মাদরাসা শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করেছে বিশ্ববিদ্যালয়।